হিমালয়ের পাদদেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে প্রতিদিন স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা এবং চারপাশের হিমেল বাতাস আবহাওয়ায় এনে দিয়েছে স্পষ্ট পরিবর্তন। দিনে রোদের দেখা মিললেও সন্ধ্যা নামার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.৫ ডিগ্রি কম। আগের দিন রবিবারেও একই সময়ে এখানে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কাঞ্চনজঙ্ঘা ও হিমালয় পর্বতের নিকটবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে কুয়াশা ও হিমেল বাতাসের দাপট দেখা যাচ্ছে, যা তাপমাত্রা দ্রুত কমিয়ে দিচ্ছে। তিনি জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ফলে সকাল থেকেই ঠান্ডার তীব্র অনুভূতি তৈরি হচ্ছে।
এমন আবহাওয়াতেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জীবিকার প্রয়োজনে কাজে ছুটতে হচ্ছে স্থানীয় দিনমজুর, চা-পাথর শ্রমিক, ভ্যানচালক ও কৃষকদের। কাজ করতে গিয়ে সকালের শীতের প্রভাব তারা খুব স্পষ্টভাবেই টের পাচ্ছেন। স্থানীয় ভ্যানচালক রবি ইসলাম জানান, ভোরে ভ্যান নিয়ে বের হলে হিমেল বাতাসের কারণে বেশ ঠান্ডা লাগে, তবে বেলায় রোদ উঠলে সেই আমেজ কিছুটা কেটে যায়। অন্যদিকে চা বাগান শ্রমিক আবদুল খালেক বলেন, কাকডাকা ভোরে চা-বাগানে কাজ করতে এখন চাদর বা হালকা গরম কাপড়ের তীব্র প্রয়োজন হচ্ছে।
এলাকাবাসীর তথ্যমতে, সন্ধ্যার পর উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীত বাড়িয়ে দেয়। ফলে রাত থেকে ভোর পর্যন্ত সবাইকে গায়ে চাদর কিংবা কাঁথা জড়াতে হচ্ছে। দেশের অন্যান্য এলাকার তুলনায় পঞ্চগড়ে ভৌগোলিক কারণে প্রতি বছরই শীত কিছুটা আগেভাগেই হানা দেয়। অক্টোবরের শেষ দিক থেকেই শীতের প্রাথমিক প্রভাব দেখা যায়, যা নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত পূর্ণ তীব্রতায় রূপ নেয়।
শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করেছে স্থানীয় হাটবাজারের দৃশ্যপটও। শহরের বিভিন্ন পয়েন্টে এবং মোড়ে মোড়ে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার পশরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই ভাপা, চিতই ও পাকান পিঠার গরম গরম আয়োজনে জমজমাট হয়ে উঠছে বাজারগুলো। শীতের এই মেজাজ উপভোগ করতে পিঠার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
তবে দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের ফলে স্থানীয় জনস্বাস্থ্য বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগব্যাধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। চিকিৎসক ও স্থানীয়রা জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে এই স্বাস্থ্য সমস্যাগুলো দেখা দিচ্ছে।

