পাবনায় বাগান থেকে আ.লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনার আতাইকুলায় একটি বাগান থেকে আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলা কেটে তাকে হত্যা করেছে। নিহত আব্দুস শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন এবং তিনি রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে তার খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। অবশেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা পরবর্তী সময়ে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।