জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করার লক্ষ্যে আগামীকাল গোলাপগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এই সফরের আয়োজন করা হয়েছে।
এই সফরসঙ্গী হিসেবে থাকছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
গোলাপগঞ্জ উপজেলা এনসিপি শাখা সূত্রে জানা গেছে, সফরকালে কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করতে পারেন। কেন্দ্রীয় নেতাদের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

