নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নরসিংদীতে একটি হত্যা মামলার প্রধান আসামি এবং ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নরসিংদী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ঘটনার পর থেকেই আবু লাল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে ধারাবাহিক অভিযান চালানো হয়। এই অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নরসিংদী সদর এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের স্থান চিহ্নিত করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী, গত ৬ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে নরসিংদী মডেল থানার ঘাটাইল এলাকায় আবু লালের নিজ বসতঘরের পাশের রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।