কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিত করা এবং কৃষি খাতে ঋণ কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান ও সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা মেলায় উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন ব্যাংকের মোট ৩২টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের কৃষিঋণ, ঋণ গ্রহণের নিয়মকানুন, শর্তাবলি এবং এর সাথে সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের মাঝে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

