মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেন আবারও বিশেষ স্বীকৃতি পেলেন। ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্তকরণ এবং সেগুলো আটকের মাধ্যমে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা পুলিশে এটি তার সপ্তমবারের মতো বিশেষ সম্মাননা অর্জন।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায়ই তার কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার পর এটিএসআই মো. শাহাদাত হোসেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া তিনি তার সহকর্মী টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআইসহ যারা তাকে দায়িত্ব পালনে সহায়তা করেছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, মানিকগঞ্জ শহরের যানজট নিরসন এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে তিনি সব সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি মানিকগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।

