রংপুরে সরকারি ওষুধসহ ফার্মেসি মালিক গ্রেপ্তার

রংপুর নগরীতে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ চোরাইপথে বাইরে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় চোরাই সরকারি ওষুধের মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ওষুধ কীভাবে সরকারি গুদাম বা হাসপাতাল থেকে বাইরে এল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাদল ফার্মেসিতে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে ১৬ পিস সরকারি ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অমল চন্দ্র রায় (৪৩) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে। বর্তমানে তিনি রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাগরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী শনিবার দুপুরে জানান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়ের করা একটি চুরির মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে তদন্তের অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া ওষুধগুলো সরকারি হওয়ায় সেগুলো কীভাবে হাসপাতাল বা সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে বাইরে এসে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন।