ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আব্দুল মুনাফ এবং মৃত আলী হোসেন নামে দুই ভাইয়ের জোড়া বসতঘর ভস্মীভূত হয়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায়ও ঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই ঘর দুটি মালামালসহ পুড়ে নিঃস্ব হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফ জানান, সকালে ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। তিনি আরও জানান, ধারদেনা করে ঘর নির্মাণ করেছিলেন এবং এখনও তাদের প্রায় ৬ লাখ টাকা ঋণ রয়েছে। এখন নতুন করে ঘর তোলার মতো সামর্থ্য তাদের নেই।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানিয়েছেন যে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুব শিগগিরই আর্থিক অনুদান ও টিন বিতরণের উদ্যোগ নেয়া হবে।

