খুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বটিয়াঘাটার চক্রাকালী বাজারে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ১ নম্বর জলমা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বাদল গুলিবিদ্ধ হন। বটিয়াঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে চক্রাকালী এলাকার একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। ওই সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর ওয়াহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সার্জারি ওয়ার্ডে স্বজন ও দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে তার চিকিৎসা চলছে। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে বলে জানিয়েছেন তার ভাই বাহাদুর মুন্সী। খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
এর আগে একই দিন মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকায় দ্বিতীয় গুলির ঘটনাটি ঘটে। ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে ২৩ বছর বয়সী সালমান নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। তিনি জাপান টোব্যাকো কোম্পানির কর্মী হিসেবে নিয়োজিত। দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সাথে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
অন্যদিকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলায় প্রথম গুলির ঘটনা ঘটে। ওই এলাকার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল শেখকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি বর্ষণ করে। রাত ১২টা ২০ মিনিটের দিকে এই হামলার শিকার হন তিনি। সোহেল শেখ বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে। হামলায় তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

