খাগড়াছড়ি-রাঙামাটিতে আধাবেলা অবরোধ, বন্ধ দূরপাল্লার বাস চলাচল

সাজেকের ঘটনায় অবরোধকারীদের ওপর হামলার অভিযোগে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে খাগড়াছড়িতে প্রশাসনের কঠোর নজরদারির কারণে পরিস্থিতি অনেকটা উত্তাপহীন থাকলেও অবরোধকারীরা বিভিন্ন স্থানে চোরাগুপ্তা পিকেটিং করেছে।

অবরোধ চলাকালে পিকেটাররা খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও রেড স্কয়ারে টায়ারে আগুন জ্বালানোর চেষ্টা করে। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি, পানছড়ি সড়ক এবং সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিকেটাররা দ্রুত অবস্থান ত্যাগ করে। পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সক্রিয়তার কারণে অবরোধকারীরা মাঠে তেমন একটা সুবিধা করতে পারেনি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯টি উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে টহল টিম কাজ করছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল ও আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি রয়েছে এবং পুলিশের দুটি মোবাইল টিম মাঠে কাজ করছে।