বান্দরবানে কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও পর্যটক গাইড সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ১০ জন পর্যটক ছয়টি মোটরসাইকেলে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলায় পৌঁছান এবং বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন।

ওসি মানস বড়ুয়া বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পর্যটকরা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। ছবি তোলার পর আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধ অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান। বিষয়টি গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বগালেক আর্মি ক্যাম্পে জানান। এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ভিউ পয়েন্টের পাশের খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।