ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম, নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট এবং ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ঝালকাঠির আদালতে তাওহীদুল ইসলাম নামে এক ব্যক্তি ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর বলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফজলুল হক হাওলাদারকে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ২১ সেপ্টেম্বর সুপারি পাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাওহীদুল ইসলামের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সোহেল হাওলাদার এসএস পাইপ দিয়ে ফজলুল হককে মারধর করেন এবং শাহাদাৎ হাওলাদার রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। কোপ ঠেকাতে হাত বাড়ালে ফজলুল হকের ডান কবজিতে গুরুতর জখম হয় এবং চারটি রগ কেটে যায়।
বাদীপক্ষের অভিযোগ, হামলার সময় আসামিরা ঘরের ট্রাঙ্ক থেকে ৫ লাখ টাকা এবং বাদীর স্ত্রীর এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও ১২ আনা ওজনের স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে যান। এছাড়া ঘরবাড়ি, ফ্রিজ ও ফ্যান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা তাদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যান।
মামলার বাদী তাওহীদুল ইসলাম জানান, ২৮ সেপ্টেম্বর কাঁঠালিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়। বর্তমানে আসামিপক্ষের হুমকির মুখে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও তুলেছেন বাদী। তবে প্রধান অভিযুক্ত মো. সোহেল হাওলাদার সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা উল্টো ভুক্তভোগীদের ভয়ে আতঙ্কে রয়েছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

