কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গেটগুলো পুরোপুরি বন্ধ করা হয়। গেট বন্ধ করার সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪.৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে হ্রদের পানির সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এ পরিস্থিতি সামাল দিতে গত ২৯ আগস্ট রাতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। পরবর্তীতে পানির চাপ বাড়তে থাকায় পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত করা হয়। এর ফলে স্পিলওয়ে দিয়ে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং পানির উচ্চতা হ্রাস পাওয়ায় স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিতভাবে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে। তিনি আরও জানান, হ্রদের পানি বৃদ্ধি ও সামগ্রিক আবহাওয়ার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পুনরায় জলকপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

