আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে ঝালকাঠিতে পূজা পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। রবিবার রাত ৮টায় শহরের একটি আধুনিক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের ১৩টি শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিচালনাকারী কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী ফরিদুল হক। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল সনাতনী সম্প্রদায়ের শারদীয় উৎসবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিগত বছরগুলোর মতো এবারও সব ধরনের সহযোগিতা প্রদান এবং শুভেচ্ছা বিনিময় করা।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, শ্রী কালিবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ধর এবং সাংবাদিক ও হিন্দু ফ্রন্টের নেতা মানিক আচার্য্যসহ অনেকে বক্তব্য রাখেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিগত বছরগুলোতে শারদীয় উৎসবে মন্ডপ পাহারাসহ জামায়াতে ইসলামীর নীতিগত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংখ্যালঘু সম্প্রদায় জামায়াতের এই সহযোগিতামূলক ভূমিকাকে দীর্ঘস্থায়ীভাবে মনে রাখবে বলে সভায় আশ্বস্ত করা হয়।

