শান্তিগঞ্জে রিং জালবিরোধী অভিযানে চারজনকে জরিমানা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৯টি রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ এই জালগুলো পরে সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ এবং দেশীয় ছোট মাছ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ জালের বিরুদ্ধে তাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।