দেশে বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নানা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে যেকোনো বিপদ-আপদে জনগণের পাশে থাকা তাদের অঙ্গীকার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’— এই নীতিকে সামনে রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির বাইরেও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাদের বীজতলা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে তাদেরও সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
স্লুইসগেট রক্ষণাবেক্ষণের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এখন থেকে পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। পানি নিষ্কাশনের সময় যথাসময়ে গেট খুলে দেওয়ার সুবিধার্থে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এই দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, বন্যা প্রতিরোধে কোনো মহৌষধ নেই, নদী ও সমুদ্র উপকূলে বন্যা বা জলোচ্ছ্বাসের ঝুঁকি সবসময়ই থাকে। তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপনের কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ না পড়ে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। অনুষ্ঠান শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, শুক্রবার সকালে দুই দিনের সফরে নিজের জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছিলেন এবং শনিবার রাতেই তার কক্সবাজার থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।

