রাজবাড়ীর দৌলতদিয়ায় ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর ক্যাম্পের র‍্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এছাড়া পাঁচটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় যানবাহন দুটি থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্কাফ সিরাপের বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা এবং ফেয়ারডিলের বাজারমূল্য ৫ লাখ ৬১ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মো. মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মো. তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। ধৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাদক ও যানবাহনসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।