গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের সন্তান রয়েছেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, ওই পরিবারের তিন সদস্য মোটরসাইকেলে করে সফিপুর উড়ালসেতু অতিক্রম করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় বা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির শনাক্তকরণ সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।