গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মধ্যপাড়া এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়।
আগুনের শিখা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বাড়ির প্রায় ৪২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তবে সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা শুরুতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ২০ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভাড়াটিয়া স্বপ্না আক্তার জানিয়েছেন, কারখানায় কাজ শেষে ফিরে এসে তিনি হঠাৎ আগুন দেখতে পান এবং ফায়ার সার্ভিস আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

