চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকানপাট বন্ধ করে তাঁরা বাড়িতে ফিরে গিয়েছিলেন। রাতে দোকানে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত বাজারে ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন জানান, রাত ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে তাঁরা আগুন লাগার খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে আবুল বাশারের ফার্নিচারের দোকানটি আংশিক পুড়ে গেছে।

এদিকে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।