তালায় নকল সার ও কীটনাশক তৈরির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার এবং কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে র‍্যাবের একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান চালিয়ে তার বাগানের ভেতরে অবস্থিত একটি গোপন কারখানার সন্ধান পায়।

অভিযানকালে ওই বাড়ি থেকে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন নকল পণ্য, সার ও কীটনাশকের বস্তা, লেবেল এবং প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত এসব ভেজাল পণ্য ও উৎপাদনসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জব্দ করা ভেজাল পণ্যগুলো ধ্বংস করার নির্দেশ দেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে মশিয়ার রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। অভিযানে র‍্যাবের পাশাপাশি তালা থানা পুলিশ ও কৃষি বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।