পরিবারের ঋণের বোঝা ও অভাব দূর করার স্বপ্ন নিয়ে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনোয়ার হোসেন (৩৭)। তবে পরিবারের সচ্ছলতা ফেরানোর সেই স্বপ্ন আর পূরণ হলো না তাঁর। কর্মস্থল থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। বর্তমানে তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজন ও গ্রামবাসী।
নিহত আনোয়ার হোসেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
