নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান ড. মঈন খানের

নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার (১৭ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।

ড. আবদুল মঈন খান বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন বন্দরনগরী, যা এক সময় পাটশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই শিল্পের মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে শহরটির পরিচিতি ছড়িয়ে পড়ে। এই ঐতিহাসিক পরিচিতি ধরে রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে সংস্কৃতি নারায়ণগঞ্জে বিদ্যমান, তা বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সেই ঐতিহ্য নারায়ণগঞ্জবাসী বজায় রাখবে। আজকের এই আনন্দের দিনে আসুন আমরা সেই শপথ গ্রহণ করি যে, সব ধর্মের মানুষ শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করার যে ঐতিহ্য, আমরা তা রক্ষা করব।

মন্ত্রী আরও বলেন, আমরা এখানে এসেছি আনন্দ-উৎসব করার জন্য। তবে বিজয়া ও শারদীয় উৎসব কেন পালন করি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকেই পৃথিবীতে সত্য ও মিথ্যার, সুর ও অসুরের দ্বন্দ্ব চিরন্তন। দুর্গাপূজা শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় জানিয়ে তিনি বলেন, এই পূজা থেকে মিথ্যাকে অতিক্রম করে সত্য প্রতিষ্ঠা, অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিতে হবে।

দুর্গাদেবীর বিভিন্ন নাম ও প্রতীকের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, মহিষাসুরমর্দিনী নামের মধ্য দিয়ে অন্যায় ও অসুরকে দমন করে শুভশক্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়। দেবীর আরেক নাম দশভুজা, যার প্রতিটি অস্ত্রের প্রতীকী তাৎপর্য হলো অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা। দুর্গাপূজা থেকে এই শিক্ষা নিতে না পারলে আনন্দ-উৎসবের উদ্দেশ্য সফল হবে না। তিনি উল্লেখ করেন, গত বছরও পূজার শুরুর দিনে তিনি আমলাপাড়া পূজামণ্ডপে এসেছিলেন। এবার চাঁদের অবস্থান ও গণনার ওপর নির্ভর করে পূজার আনন্দ-উৎসবের জন্য এক দিন বেশি পাওয়া যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।