দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে ৯ জন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত বাধার মুখে বিএসএফ তাদের সেই চেষ্টা থেকে সরে আসতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে, উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায়।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভোররাতে ভারতীয় শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। এসময় বিজিবির বাঁশির শব্দে ঘুম থেকে উঠে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যান। গ্রামবাসী ও বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ ওই নারীদের নিয়ে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।
এ ঘটনার পর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে। কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী জানান, স্থানীয়দের প্রতিরোধের কারণেই মূলত অবৈধ অনুপ্রবেশের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
কোম্পানি কমান্ডার টি. আলম আরও জানান, বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করেছেন। সীমান্তে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির টহল কার্যক্রম এখন আরও জোরদার করা হয়েছে।

