ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে ও সেবার মান বাড়াতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবার বিষয়ে আয়োজিত এই যৌথ সভায় তিনি জানান, কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের এই দীর্ঘমেয়াদী নবায়নের সুযোগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
সেবা সহজীকরণের উদ্যোগ নিয়ে প্রশাসক বলেন, ট্রেড লাইসেন্স সেবা দ্রুত করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকরা যাতে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রদান ও নবায়ন সম্পন্ন করতে পারেন, সেই ব্যবস্থাও তৈরি করা হচ্ছে।
ট্রেড লাইসেন্স জালিয়াতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, একটি চক্র জাল লাইসেন্স তৈরি করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, যার ফলে সিটি করপোরেশন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেবাকে আরও সহজ করা হচ্ছে।
সাইনবোর্ড কর প্রসঙ্গে তিনি বলেন, সাইনবোর্ডের কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে প্রকৃত মাপ অনুযায়ী সাইনবোর্ডের কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমেই এই বিষয়গুলো সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

