রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। এদের মধ্যে সাব্বির রাজধানীর মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলশানে ওই তিন যুবককে আটকের সময় ঘটনাস্থলে কৌতূহলী মানুষের বেশ ভিড় জমে যায়। খবর পাওয়ার পরপরই গুলশান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

