রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর পায়। বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘটনাস্থলে গিয়ে তারা খুব বেশি আগুন দেখতে পাননি, তবে ঘরটি ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। পরে বালতি ও মগে করে পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় এবং মেশিন ব্যবহার করে ধোঁয়া বের করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, বাসার টেলিভিশন থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। সকাল ৯টার দিকে তাদের দুজনকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বড় আকারের না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে নাইমা ইমরানকে কেবিনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে হাইকমিশনার ইমরান হায়দারের শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

