আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ও বর্ষীয়ান আলেমরা একত্রিত হবেন। শুরাঈ নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ রক্ষা এবং টঙ্গী ইজতেমা মাঠের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে ২০১৮ সালের ১ ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও চূড়ান্ত শাস্তির দাবি তোলা হবে। একইসঙ্গে বিশ্ব ইজতেমার বিভিন্ন সংকট নিরসনের বিষয়টিও এতে গুরুত্ব পাবে। ওলামা-মাশায়েখদের অভিন্ন অবস্থান তুলে ধরাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দেশের বিভিন্ন এলাকার আলেমগণ এতে অংশ নেবেন।
আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, বিশিষ্ট আলেম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রামের আলেম মাওলানা সালাউদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি জসিম উদ্দিন ও মুফতি কেফায়েতুল্লাহসহ আরও অনেক বিশিষ্ট আলেম সম্মেলনে উপস্থিত থাকবেন।

