ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ফের অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা গোলচত্বর এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।
শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি কমাতে ও পরিস্থিতি সামাল দিতে মিরপুর ট্রাফিক বিভাগ বিকল্প রাস্তায় ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার ও শনিবারও মিরপুরের বিভিন্ন সড়ক প্রায় ৫ ঘণ্টা করে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। আন্দোলনকালে তারা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানান। শনিবার অবরোধের শেষপর্যায়ে একাধিক পোশাক কারখানা ও শপিংমলে ভাঙচুরের ঘটনাও ঘটে।

