রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে অবস্থিত মীনা বাজার থেকে দক্ষিণ দিকের এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এই আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তি আটকে পড়া বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতিতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম (10 September 2026, 11:04 AM)

