রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ ১০১ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, মতিঝিল বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২৭ জন রয়েছেন। এছাড়াও অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের মাদক ও অপরাধের সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২৫টি ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড। পাশাপাশি তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

