রাজধানী ঢাকায় যত্রতত্র ও অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এই নীতিমালার আলোকেই প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে ঢাকায় অটোরিকশাগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যত্রতত্র চলাচল করছে, যার ফলে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ও কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে এই পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত চালকদের জীবন-জীবিকার বিষয়টিও সরকার বিবেচনায় রাখছে।
শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন, নীতিমালার কাজ বর্তমানে চলমান রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি চূড়ান্ত করা হবে। ঢাকার পরিবহনব্যবস্থাকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে অচল হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কাউকে ক্ষতিগ্রস্ত না করে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়। তবে বৃহত্তর স্বার্থে এই অব্যবস্থাপনা দূর করতে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সোমবার (৫ অক্টোবর) ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ডাম্পিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় চালকেরা বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে চারপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
সে সময় আন্দোলনকারী মালিক-শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অটোরিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকাকে অবরুদ্ধ করা হবে। এছাড়া চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা। আন্দোলনকারীদের দাবি, রিকশা বন্ধ না করে চালকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিট দিতে হবে এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়া হোক।
একই অনুষ্ঠানে ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, লেকের খনন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়ন কাজে মোট ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। এই প্রকল্পের আওতায় লেকের পরিবেশ উন্নয়নের পাশাপাশি একটি 'নজরুল মঞ্চ' নির্মাণ করা হবে, যেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে।

