দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে তৃতীয় স্থানে

শনিবার (৩ অক্টোবর) বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের রিয়েল টাইম তথ্যে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এদিন সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যানুযায়ী, লাহোরের বায়ুমান সূচক বা একিউআই ছিল ২০৪।

দূষণের এই তালিকায় খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৬৯ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৬৯ স্কোর থাকলে সেই শহরের বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য করা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যাদের স্কোর ১৭৩। ঢাকার ঠিক পরেই অর্থাৎ চতুর্থ স্থানে আছে ভারতের দিল্লি, যাদের স্কোর ১৬৮। পঞ্চম স্থানে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির স্কোর ১৬৫।

আইকিউ এয়ার বিভিন্ন শহরের বাতাসের মান রিয়েল টাইমে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী বায়ুমান ০ থেকে ৫০ পর্যন্ত ভালো। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্যই অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর। আর ৩০০ ছাড়িয়ে গেলে সেটাকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।