রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারীকে গুলি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। অভিযানকালে তাদের কাছ থেকে অস্ত্র ও ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৪-এর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব।
এর আগে, শনিবার রাতে দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামের এক নারী আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দারুসসালামের মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় ভাড়া থাকেন।
আহত নারীর ছেলে ইয়াছিন জানান, ঘটনার সময় তার মা ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ কে বা কারা জানালা দিয়ে গুলি চালায়। এতে একটি গুলি তার মায়ের ডান হাতে এসে বিদ্ধ হয়।
র্যাব জানায়, এই গুলির ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানাবেন র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

