নৌপথে চলাচলকারী বাল্কহেড খাতের বিভিন্ন জটিলতা নিরসন এবং ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান মিয়া বুলু।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি সচল রাখতে এবং নৌপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাল্কহেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও নীতিমালার কারণে এই খাতের মালিকরা চরম সংকটের মুখোমুখি হয়েছেন। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা ১১ দফা দাবি উত্থাপন করেছেন।
মালিক ও শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্যতম হলো— বাল্কহেডের আয়ুষ্কাল নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা, নৌযান চলাচলের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা দূর করা, নৌপথের উন্নয়ন ও নাব্যতা বৃদ্ধি করা, নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নৌ-পরিবহন খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া এবং সহ-সভাপতি জাহাঙ্গীর আলমসহ বাল্কহেড মালিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারা।
কর্মসূচি থেকে নৌপথে সব ধরনের চাঁদাবাজি ও নৈরাজ্য অবিলম্বে বন্ধের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বিআইডব্লিউটিএ-এর স্বেচ্ছাচারিতা বন্ধ এবং ইজারা দেওয়ার ক্ষেত্রে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান সংশ্লিষ্টরা। নেতারা স্পষ্ট জানিয়ে দেন, তারা যৌথ আলোচনার মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান। তা না হলে দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

