রাজধানীর কমলাপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও অন্যতম ঘনিষ্ঠ সহযোগী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিলেন। এছাড়া সুব্রত বাইনের আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রভাণ্ডার এবং এর সরবরাহ দেখভালের মূল দায়িত্বও এই বাপ্পির ওপর ন্যস্ত ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মতিঝিল থানা পুলিশের একটি দল তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার বাপ্পিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য অপরাধীদের ধরতেও অভিযান চালানো হতে পারে।

