হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। এই ঘটনায় আরও চারজন সদস্য আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত ও নিহতদের পরবর্তী কার্যক্রম ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

