ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) ভোরের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, 'দর্শনা পরিবহণ' নামের যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার অভিমুখে আসছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে দ্রুতগতির বাসটি সড়কের নিরাপত্তা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে গিয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের লাশ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য পাঁচজনকে দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
