ডাসারে বিলের পানিতে ভাসমান অবস্থায় বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের ডাসার উপজেলার ডাইয়ার বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর রোববার সকালে বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ঠাকুর দাস পেশায় দিনমজুর ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী ছিলেন। জানা গেছে, শনিবার সকালে কাজের সন্ধানে তিনি বাড়ি থেকে বের হন। পরবর্তীতে ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, কাজের একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যান। সারাদিন বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাননি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।