পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার আটটি উপজেলা থেকে প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা মোশতাক আহমেদ পিনুসহ জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতার ফায়দা নেওয়ার চেষ্টা করলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়ে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে কিছু দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে, যা বিএনপি ও দেশের আপামর জনসাধারণ মেনে নেবে না। চলমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ না হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি প্রদান করা হচ্ছে। এসব কমিটিতে কোনো হাইব্রিড নেতা, মাদক সেবী বা মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। বরং নির্যাতিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এছাড়া দেশকে মাদকমুক্ত করতে বিএনপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

