নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আয়োজিত এই কর্মসূচিতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর সদরের দোলং মহল্লা থেকে যাত্রা শুরু করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালুচরে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে আয়োজিত পথসভায় স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন।
পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নায়েব আলী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিউটনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের স্থিতিশীলতা রক্ষা ও শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

