মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিএনপি করার সুযোগ নেই: পিন্টু

মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাউপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, জিয়াউর রহমানের আদর্শ যারা ধারণ করেন, তাদের মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছিলেন যে মাদক সেবন ও চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। দেশজুড়ে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পিন্টু বলেন, মাদককে না বলতে হবে এবং দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে। এছাড়া চাঁদাবাজদের দমন করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শুধু দলের দিকে তাকিয়ে না থেকে যার যার জায়গা থেকে চাকরির চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সহ-সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।