সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে বিজিবি মহাপরিচালক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২২ জুলাই) তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের হাতে এ সময় ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবি মহাপরিচালক বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত মানুষদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। বিজিবির পক্ষ থেকে এসব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালকের সাথে সরাইল রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার এবং ১৯, ৪৮ ও ২৮ বিজিবির অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বর্ডার গার্ডের অন্যতম দায়িত্ব।

ত্রাণ কার্যক্রম শেষে দুপুরে তিনি তাহিরপুর উপজেলার হাইস্কুল মাঠে বিজিবির ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্ট কর্তৃক নির্মিত হাউজবোট ‘সীমান্ত তরী’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি নীলাদ্রি লেকের উদ্দেশে রওনা দেন।