শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মানব পাচারকারী আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মো. সেলিম মিয়া (৩৪) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. ওয়াদুদ মিয়ার ছেলে।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীবরদীর বাবলাকোনা এলাকায় টহল দল এই বিশেষ অভিযান চালায়। অভিযানে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়া এই চক্রের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন। বিজিবির তথ্য অনুযায়ী, শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন এবং বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমন এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।