বাজিতপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন জামায়াত কর্মী ও এলাকাবাসী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা একটি সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। পিরিজপুর ইউনিয়নের গজারিয়া আমতলী থেকে খাশালা গজারিয়া সড়কটিতে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সম্মিলিতভাবে এই সংস্কারকাজ পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে সড়কটির একাধিক অংশ ভেঙে গিয়ে চরম বেহাল দশার সৃষ্টি হয়, যার ফলে দীর্ঘদিন ধরে চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির এই করুণ অবস্থা সত্ত্বেও দীর্ঘদিনেও তা মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি নজরে আসার পর পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার নায়েবে আমির ফারুক আহম্মদ সড়কটি সংস্কারের পদক্ষেপ নেন। পরবর্তীতে তিনি জামায়াতের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করেন।

সম্মিলিত প্রচেষ্টায় সড়কটির মেরামত সম্পন্ন হওয়ায় ওই পথ দিয়ে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত আগের চেয়ে অনেক সহজ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগও অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উক্ত সংস্কারকাজে সরাসরি অংশ নেন ফারুক আহম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা শাখার সেক্রেটারি তাজুল ইসলাম লিংকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর ইউনিয়ন শাখার আমির ডা. হাবিবুর রহমান এবং সহকারী সেক্রেটারি মো. মজনু মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুব বিভাগের সভাপতি রিমন মিয়া, আঙুর মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা ইকবাল, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সবুর মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাইনউদ্দিন, উমর ফারুক, ফয়সল আহমেদ ও সুমন মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা।