নাটোরের বাগাতিপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) নাটোর জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। একই মামলায় আরও এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শরিফুল ইসলাম, মো. লিটন মণ্ডল, মো. মাজেদুল, মো. রানা এবং শওকত আলী মণ্ডল। আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, আদায়কৃত জরিমানার তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং অবশিষ্ট টাকা মামলার বাদী জিয়া সরদারকে দেওয়ানি ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্যানচালক প্রান্ত আড়ানী থেকে পাকাহিয়নে যাচ্ছিলেন। পথে আসামিরা তাকে গতিরোধ করে ভ্যানসহ মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে প্রান্ত চিৎকার করলে তাকে হত্যা করে মরদেহ পাশের একটি জমিতে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর সকালে নিহতের বাবা জিয়া ছেলের মরদেহ উদ্ধার করে বাঘা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের এক পর্যায়ে পুলিশ শরিফুল, লিটন ও মজিদুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার টগর জানান, গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

