কুমিল্লায় আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক এই সংসদ সদস্যের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার সময়কার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

একই সময়ে মুন্সেফবাড়িতে অবস্থিত সাবেক এমপি বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া কার্যালয়ের সামনে রাখা কাগজ ও কাঠে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এসময় মিছিলকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিনি বলেন, কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।