নারায়ণগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে দুই নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে লাকি ও রহিমা নামের দুই নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।

মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা শাহজাহান ও নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার শাহজাহানের লোকজন প্রথমে তার ভাই দেলোয়ার হোসেনকে মারধর করে এবং উল্টো মামলা দিয়ে বাড়িছাড়া করে। এরপর শুক্রবার সকালে শাহজাহান শিকারীর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে একযোগে হামলা চালায়।

হামলার শিকার আমির হোসেন অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভেঙে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়া তারা স্টিল ও কাঠের আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, হামলার পরও অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান শিকারী। তিনি দাবি করেন, এই হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।