নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এক ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি হাজী আ. মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ান মুহম্মদ আব্দুল বারীক। এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী আওলাদ হোসেন।
সমাবেশে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারীক মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক এ সমাজের অভিশাপ, এর প্রভাব পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর পড়ে।” মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে কেবল পুলিশ নয়, বরং পরিবার, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে দূরে রাখতে প্রতিটি পরিবার ও সমাজের সচেতন মানুষদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দিয়ে বলেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। একই সাথে তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

