চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘মরা’ নদীতে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান।

নিহত শিশুরা হলো মো. মাসুদের মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, ঘটনার দিন শুক্রবার হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এই সুযোগে শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে।

চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত, যা মূলত পদ্মা নদীর একটি শাখা। সম্প্রতি বৃষ্টিপাত ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদীটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল। দুপুরে শিশুরা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তারা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।